ভারত সফরের পঞ্চম দিনে আইআইটি মাদ্রাজ রিসার্চ পার্কে পলক
ভারত সফরের পঞ্চম দিন রবিবার চেন্নাইয়ের হেলথ কেয়ার টেকনলোজি ইনেভেশন সেন্টার পরিদর্শন ও ইন্ডিয়া সাইবার সিকিউরিটি অথরিটির সঙ্গে বৈঠক করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
পরিদর্শনে আইআইটি মাদ্রাজ রিসার্চ পার্কের রিসার্চ কো-অর্ডিনেটর জয়রাজ জোসেফ প্রতিমন্ত্রীকে নতুন উদ্ভাবনী স্বাস্থ্যসেবা প্রযুক্তি সম্পর্কে অবহিত করেন। এসময় চেন্নাইয়ে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার শেলি সালেহীন এবং চেন্নাই মিশনের প্রথম সচিব মোঃ আরিফুর রহমান ও মন্ত্রীর একান্ত সচিব মোঃ মুশফিকুর রহমান উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার যুক্তরাজ্যের বিজ্ঞান, উদ্ভাবন এবং প্রযুক্তি প্রতিমন্ত্র পল স্কুলির সঙ্গে বৈঠকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান পলক। একই দিনে সিঙ্গাপুরের যোগাযোগ ও তথ্যমন্ত্রী জোসেফাইন টিও, নেদারল্যান্ডের ইন্টেরিয়র অ্যান্ড কিংডম বিষয়ক স্টেট সেক্রেটারি আলেকজান্দ্রা কার্লা ভ্যান হাফেলেন, ইউএনডিপি-এর সহকারী সেক্রেটারি জেনারেল উলরিকা মোদেরসহ জি২০ এবং অতিথি দেশসমূহের প্রতিনিধিদের সাথে পৃথক পৃথক বৈঠক করেছেন তিনি।
সোমবার নিউ দিল্লীতে স্টার্টআপ ইন্ডিয়া কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করার পাশাপাশি স্মার্ট সিটি দিল্লী প্রকল্প পরিদর্শন কথা রয়েছে আইসিটি প্রতিমন্ত্রীর। সফর শেষে ২৩ আগস্ট তিনি দেশে ফিরবেন।







